জামালপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার শাহবাজপুর কাচারিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই স্কুলছাত্র হলো- দশম শ্রেণির ছাত্র কাকন শাহবাজপুর গ্রামের সোহেল মিয়ার পুত্র ও তার বন্ধু অষ্টম শ্রেণির ছাত্র সিনাত টিকাদার ভেলা পিংগলহাটি গ্রামের সুমন টিকাদারের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাকন ও সিনাত মোটরসাইকেল নিয়ে শাহবাজপুর বাজার থেকে জামালপুর শহরে যাচ্ছিল। কাচারিপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি একটি কড়ই গাছের সাথে ধাক্কা খেলে দুইজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।