পানি ভরা বালতি নিয়ে খেলছিল শিশু, ডুবে গেলো প্রাণ

জামালপুরে পানি ভরা বালতিতে খেলতে গিয়ে ডুবে এক শিশু মারা গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

শিশুটির নাম আছিয়া। দুই বছরের শিশুটির ওই গ্রামের ইসমাইল হোসেন পট্টু মিয়ার কন্যা।

শিশুটির চাচা মাসুদ জানান, আছিয়া ঘরের কাছে টিউবওয়েলের পাশে পানি ভর্তি বালতি নিয়ে খেলছিল। এক পর্যায়ে পা পিছলে ওই বালতির পানির মধ্যে ডুবে যায় সে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।