জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারী ও তিন পুরুষসহ সাতজনকে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে ধানুয়া কামালপুরের ১০৮৩ পিলারের কাছ দিয়ে তাদের পুশইন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
পরে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে বকশীগঞ্জ থানায় সোপর্দ করে। আটকদের বাড়ি খুলনা, ফরিদপুর, বাগেরহাট ও বরগুনার জেলায়।
আটক ব্যক্তিরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কাশেম আলীর ছেলে এনায়েত খাঁ (৫৫), একই উপজেলার বেলায়েত খাঁ এর ছেলে মোহম্মদ ইসলাম (২২), ফরিদপুর জেলার মোকসেদপুর উপজেলার বগাইল গ্রামের মেহবুব আলীর ছেলে কোরবান আলী (২০), তার মা তাছলিমা বেগম (৫০), খুলনার খালিশপুর এলাকার সোহাগ মিয়ার মেয়ে সুমি আক্তার (৩০), তার বোন রেমি আক্তার (২০) ও বরগুনার পাথরঘাটা উপজেলার রুস্তম আলীর মেয়ে মায়া আক্তার (৩২)।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোতালেব মিয়া জানান, বৃহস্পতিবার ভোরে ভারত থেকে সাত জনকে পুশইন করছে এমন খবর পেয়ে গ্রামবাসীকে নিয়ে সীমান্ত থেকে তাদের আটক করি। আটকরা বিভিন্ন সময়ে কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন শহরে যান। সম্প্রতি বিভিন্ন সীমান্তে পুশইনের ঘটনা ঘটলে বকশীগঞ্জ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠায় বিএসএফ।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ধানুয়া কামালপুর সীমান্তে পুশইন করার পর স্থানীয়রা সাতজনকে আটক করে থানায় সোপর্দ করে। আটকদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।