শেরপুরে একদল বন্যহাতির ভিডিও করতে গিয়ে প্রাণিটির পায়ে পিষ্ট হয়ে এক পর্যটক মারা গেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে জেলার শ্রীবরদী উপজেলার বালিয়াজুরী রেঞ্জের মালাকোচা বিটের মালাকোচা-সোনাঝুড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম ওমর ফারুক (৪০)। তিনি ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকার সুরুজ আলীর ছেলে। ওমর পেশায় চা দোকানি।
স্থানীয়রা জানান, ওই এলাকায় ২৫-৩০টি বন্যহাতির একটি দল লোকালয়ে নামে। এসময় হাতি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন। কিন্তু ফারুক হাতির ভিডিও করতে কাছে গেলে একটি হাতি তাকে ধাওয়া করে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। পরে আশপাশের লোকজন হৈ-হুল্লোড় ও মশাল জ্বালিয়ে হাতির দলকে তাড়িয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে হাতির দল দেখলে সাধারণ জনগণ ও পর্যটকদের সতর্ক করেছেন ময়মনসিংহ বনবিভাগের বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া। তিনি বলেন, হাতি থাকাকালীন সীমান্ত সড়ক দিয়ে সাবধানে চলাচল করতে হবে। পাশাপাশি কোনো ব্যক্তি বা কন্টেন্ট ক্রিয়েটর সংরক্ষিত বনে ঢুকে হাতির ভিডিও না করার অনুরোধ জানাচ্ছি। কেউ যদি হাতিসহ বন্যপ্রাণীদের বিরক্ত করে, তাহলে তাদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণী আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, হাতির আক্রমণে কোনো ব্যক্তি মারা গেলে বা কৃষকের ফসল নষ্ট হলে সেক্ষেত্রে বাংলাদেশ বনবিভাগ কর্তৃক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়।