ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ছয়জন আরোহী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী আরোহী নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও তিনজন।
আহতদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। আহত বাকি দুজন বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মুক্তাগাছা থানা-পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।