আনন্দের বিয়েবাড়ি মুহূর্তেই রণক্ষেত্র, কলেজছাত্র নিহত

নেত্রকোনায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

সোমবার (১ জুন) দিবাগত রাতে সদর উপজেলার সংসদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোস্তফা আমীর ফয়সাল (২০)। তিনি উপজেলার বামনীকোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার রাতে সংসদ বাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে নাচ-গান ও ছবি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের যুবকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রতিপক্ষের যুবকেরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালালে ফয়সালসহ চারজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ফয়সাল ও সাদেকুল ইসলাম নামের দুজনের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিক্যার কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফয়সালের মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ফয়সালের চাচা, চাচাতো ভাই ও বন্ধুরা। এই ঘটনাকে কেন্দ্র করে সংসদ বাজার এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, বিয়ের অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে গান বাজানো ও ছবি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফয়সাল নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে শাহজাহান মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।