দেশের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা দুর্ঘটনায় ও হত্যাকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন, নীলফামারী ও মানিকগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজন, কক্সবাজার ও বাগেরহাটে ছুরিকাঘাতে দুইজন এবং জামালপুরে নিখোঁজের পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
একাত্তরের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
হবিগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত দুই
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় এক নারীসহ সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় একটি ব্রিজের ওপর এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা এলাকার বাবু মিয়ার ছেলে অটোরিকশাচালক আক্কাছ মিয়া (৩৮) এবং একই এলাকার মৃত কামরুল হাসানের স্ত্রী মনোয়ারা বেগম (৭০)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানা-পুলিশ জানায়, সকালে যাত্রীবাহী একটি অটোরিকশা অপর একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক আক্কাছ মিয়া মারা যান। স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নীলফামারী ও মানিকগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে প্রাণ গেলো তিনজনের
নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার এলাকায় বুধবার সকালে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন—পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া এলাকার মজিবর রহমান (৫৫) এবং কচুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের জালাল উদ্দিন (৪৫)। এ ঘটনায় মজিবরের ছেলে মিঠু ইসলাম (২৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে ৯টার দিকে সেচ পাম্প দিয়ে পুকুরের পানি নিষ্কাশন করার সময় পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মজিবর রহমান মারা যান। আহত দুইজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জালাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
এদিকে, ঢাকার অদূরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় মঙ্গলবার (৯ জুন) মঙ্গলবার বিকেলে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ভাটবাউর এলাকার একটি ফিলিং স্টেশনের কর্মচারী এবং ছোট ভাটবাউর গ্রামের মুন্নু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ফয়সাল একটি আম গাছে পতাকা লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হয়। মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজারে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় বাসায় ঢুকে সানজিদা আক্তার রেশমি নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, বকেয়া খাতায় কেনাকাটার সুবাদে এক মুদি দোকানির সঙ্গে সানজিদার ঘনিষ্ঠতা তৈরি হয়। বিষয়টি জানতে পেরে ওই দোকানির স্ত্রী ইয়াসমিন আরও কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে সানজিদার বাসায় যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে সানজিদাকে ছুরিকাঘাত করা হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আটক করার সময় অভিযুক্ত ইয়াসমিন হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
জামালপুরে নিখোঁজের ছয় ঘণ্টা পর মামা-ভাগ্নের মরদেহ উদ্ধার
জামালপুরের মেলান্দহ উপজেলার চরবাণিপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামে নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর পুকুর থেকে মামা ও ভাগ্নের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু হলো—রায়ের বাকাই গ্রামের আব্দুর রফিকের ছেলে আন্নাফি (৮) এবং একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে রিফাত হোসেন (৭)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে দুই শিশু নিখোঁজ ছিরো। রাতে পুকুরপাড়ে তাদের জুতা ও খেলার বল ভাসতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুকুরে নেমে সন্ধান চালান। পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
বাগেরহাটে ছুরিকাঘাতে খুন
অপরদিকে, বাগেরহাটের ফকিরহাটে নিয়তির মাঠ এলাকায় ছুরিকাঘাতে নিহত একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবারের এই ঘটনায় তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয় যায়নি।