টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে যাত্রীবাহী ছোট যানবাহন ও পণ্যবাহী ভারী যানবাহন আটকা পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা।
শেরপুরের এই সীমান্তবর্তী সড়কটি দিয়ে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা থেকে জামালপুরের বকশীগঞ্জের কামালপুরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রতিদিন অসংখ্য যানবাহন ও মানুষ চলাচল করে। সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় পুরো এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পাহাড় ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন বন বিভাগের কর্মীরা। তারা রাস্তা থেকে ধসে পড়া মাটি ও উপড়ে যাওয়া গাছপালা সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন।
বন বিভাগের বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, গত কয়েক দিন ধরে এলাকায় টানা বৃষ্টিপাত হচ্ছে। দুপুরে হঠাৎ করেই পাহাড়ের বড়ো একটি অংশের মাটি ধসে শেরপুর-কামালপুর সীমান্ত সড়কের ওপর পড়ে। বৃষ্টি অব্যাহত থাকায় কাদা-মাটি সরাতে আমাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। মাটির পাশাপাশি উপড়ে পড়া গাছ কাটার কাজও চলছে। দ্রুততম সময়ের মধ্যে সড়কটি পুনরায় সচল করতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয় প্রশাসন ও বন বিভাগ জানিয়েছে, সড়কটি পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত ওই রুটে যাতায়াতকারী চালক ও যাত্রীদের বিকল্প পথ ব্যবহার অথবা ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।