নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।
এর আগে ময়মনসিংহের নান্দিনা এলাকায় ‘রাজিব পরিবহন’-এর দুটি বাস ভাঙচুর এবং চালক ও সহকারীকে মারধরের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে বুধবার (২ সেপ্টেম্বর) রাত থেকে কর্মবিরতি শুরু করেন পরিবহন শ্রমিকেরা। পরবর্তীতে তাদের এই কর্মবিরতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে জেলা বাস-মিনিবাস মালিক সমিতিও।
এদিকে এদিন দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধনকে কেন্দ্র করে ছাত্র-জনতার ওপর পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি জানিয়ে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস বলেন, তাদের দেওয়া ১২ দফা প্রস্তাবের মধ্যে দুটি তাৎপর্যপূর্ণ দাবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। প্রশাসনের এই আশ্বাসের পরপরই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং স্বাভাবিক হয় যানবাহন চলাচল।