হলুদ পাঞ্জাবি আর নীল শাড়িতে হিমু-রূপার সাজে মুখর নেত্রকোনা

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা শহরে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে ‘হিমু উৎসব’। হলুদ পাঞ্জাবি আর নীল শাড়িতে হিমু-রূপার সাজে ভক্ত-অনুরাগীদের আনন্দ শোভাযাত্রা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী ‘হিমু পাঠক আড্ডা’র আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সকালে শহরের সাতপাই এলাকায় হিমু পাঠক আড্ডার অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়। হিমু ও রূপার সাজে বিভিন্ন বয়সের ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। ছেলেদের গায়ে হলুদ পাঞ্জাবি আর মেয়েদের পরনে নীল শাড়িতে শোভাযাত্রাটি এক নান্দনিক ও উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে ব্যবহৃত জনপ্রিয় গান বাজাতে বাজাতে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে হিমু ও রূপাদের সঙ্গে কেক কেটে লেখকের জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের সহধর্মিণী ও ডা. লুৎফা হক, নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা আলপনা বেগমসহ স্থানীয় লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

দিনভর নানা আয়োজনে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। সন্ধ্যার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ ও নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটে দিনব্যাপী এই আয়োজনের।

আয়োজকরা জানান, হুমায়ূন আহমেদের সৃষ্ট জনপ্রিয় কাল্পনিক চরিত্র হিমু ও রূপাকে নতুন প্রজন্মের কাছে আরও পরিচিত করে তোলার পাশাপাশি তার সাহিত্য ও সৃষ্টিকর্মের প্রতি আগ্রহ তৈরি করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। প্রায় এক যুগ ধরে হিমু পাঠক আড্ডা ধারাবাহিকভাবে লেখকের জন্মদিনে হিমু উৎসব এবং মৃত্যুবার্ষিকীতে স্মরণ কথনের আয়োজন করে আসছে।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই নন্দিত কথাসাহিত্যিক। তার পৈতৃক ভিটা কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে, যেখানে তিনি বাবার নামে ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ প্রতিষ্ঠা করে গেছেন। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। পরে তাকে গাজীপুরের নুহাশ পল্লীতে সমাহিত করা হয়। লেখকের জন্মদিন উপলক্ষে জেলা শহরের পাশাপাশি তার নিজ গ্রাম কেন্দুয়ার কুতুবপুরেও দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।