বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যাওয়া একটি প্রাইভেটকার থেকে এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুর একটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কে ছাতিয়ানি বাজারের পশ্চিম পাশে চাঁদপুর নামক স্থানে দুর্ঘটনা ঘটায় প্রাইভেটকারটি।
গাড়িতে থাকা জন্ম নিবন্ধন সনদের সূত্র ধরে জানা গেছে, নিহতরা হলেন বগুড়া পৌরসভার নিশিন্ধারা মন্ডলপাড়া এলাকার হিরুর ছেলে জাকারিয়া জাকির (২৭) ও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত ফকিরের মেয়ে রানী খাতুন (১৯)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শেরপুর উপজেলা সদর থেকে প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো খ ১২-৬০০৫) আঞ্চলিক মহাসড়কে ওঠে। পথিমধ্যে গাড়িটি উপজেলার খানপুর ইউনিয়নে ছাতিয়ানি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এসময় গাড়িটির চালকসহ ভিতরে থাকা দু’জন বের হয়ে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটির ভেতর থেকে জাকারিয়া ও রানী নামে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।