বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুইজন নিহত

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত আল সিফাত (২১) পাবনার সুজানগর উপজেলার জুনা রামচন্দ্রপুর এলাকার মো. কামরুজ্জামানের ছেলে। তিনি চলতি বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রাজশাহী, খুলনা ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ছিলেন। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিলেন তিনি। ওপর নিহতের পরিচয় পাওয়া যায়নি এখনও।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালিত একটি অটোরিকশায় করে তিনজন ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। আর রাব্বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয় যান দুইটির। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার যাত্রীদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

পাকশী হাইয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে তবে এর চালক ও হেলপার পালিয়েছে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। আরেক জনের পরিচয় জানার চেষ্টা চলছে।