চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.ইউসুফ আলীর বাড়ি শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউসুফ আলী মোটরসাইকেল চালিয়ে সোনামসজিদ বন্দরের দিকে যাচ্ছিলেন। ট্রাক টার্মিনাল পার হয়ে ওজন স্কেলের কাছে পৌঁছালে একটি খালি ট্রাক পেছন থেকে ইউসুফ আলীর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ আলী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। চালক ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।