চাঁপাইনবাবগঞ্জে ককটেল, গান পাউডারসহ আটক ৩৫

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণভাবে হরতাল অনুষ্ঠিত হয়েছে। তবে শনিবার রাতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৩৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পুলিশ আটটি ককটেল ও গান পাউডার উদ্ধার করেছে।

আটকদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১০ বিএনপি কর্মী, শিবগঞ্জ থানায় পাঁচ বিএনপি কর্মী ও তিন জামায়াতকর্মী, গোমস্তাপুর থানায় ৯ বিএনপি ও তিন জামায়াত কর্মী,  নাচোলে তিন জন এবং ভোলাহাটে দুই জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে নাচোলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৌর এলাকার কন্যানগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।পরে পুলিশ সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও তিনটি ককটেল উদ্ধার করে ।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, ১২ বিএনপি ও জামায়াত কমীকে আটকের সময় পাঁচটি ককটেল উদ্ধারের দাবী করেন। 

অন্যদিকে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, হরতালের সমর্থনে বিএনপির লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।পুলিশ স্পট থেকে তিনটি ককটেল এবং ককটেল তৈরির ১০০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে। এসময় তিনজনকে আটক করা হয়েছে। 

জেলা শহরের প্রধান প্রধান মার্কেটসহ অধিকাংশ দোকান-পাট বন্ধ রয়েছে। মহাসড়কে ছোট ছোট যানবাহন চলাচল করলেও দূরপাল্লার কোন  বাস, ট্রাক বা অন্যান্য বড় যানবাহন চলাচল করতে দেখা যায়নি। রাস্তায় অবৈধ ভুটভুটি, নসিমন, করিমন, ট্রাক্টরসহ বিভিন্ন অবৈধ যানবাহন চলাচল করছে। 

সোনামসজিদ স্থলবন্দর থেকে কোন পণ্যবাহী ট্রাক ছেড়ে যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্যরা টহলে রয়েছে।