স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের যে কথা বলেছেন তা বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকদের প্রচেষ্টার ফলে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে অবদান রাখতে পারবে।

শনিবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর পাহাড়ি পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও শিক্ষকের করণীয় শীর্ষক মতবিনিময় ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে উল্লেখ্য করে খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ থেকে এমপিওভুক্তি, শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, কারিকুলাম যুগোপযোগী করা ও অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে ডিজিটাল ল্যাব। এগুলোর কারণে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে ও ঝরে পড়ার হার কমেছে।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। এই সরকারের আমলে দেশে একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করতে হবে। শুধু শিক্ষানীতি নয়, বর্তমান সরকার দক্ষ শিক্ষক গড়ে তোলার জন্য একাধিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছেন। এই দক্ষ শিক্ষকরা দক্ষ ছাত্র গড়ে তুলবে এবং এই ছাত্ররাই একদিন গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ।

তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও নীতি-আদর্শ ধরে রেখে কাজ করেছি। এরই ফলস্বরূপ দেশ আজ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে আমাদের। এ ধারা অব্যাহত রাখতে হবে।