চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার গোড়াপাখিয়া ইউনিয়নের কেজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শিশুটির নাম মো. সাজিদ আলি (৯)। সে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নে কেজিপুর গ্রামের দুরুলের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বাড়ির পাশে একটি বাগানে খেলছিল সাজিদ। এ সময় দুর্বৃত্তদের পুঁতে রাখা একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে সে গুরুতর আহত হন।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সাজেদ বর্তমানে রামেকের ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে আহত হয়েছে শিশু সাজিদ। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।