চাঁপাইনবাবগঞ্জে বাবার মজুদ করে রাখা ককটেল বিস্ফোরণে মেয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর গা ঢাকা দিয়েছে পুরো পরিবার। সূত্র বলছে, গোপনে আহত মেয়ের চিকিৎসা করাচ্ছেন সেই বাবা।
বুধবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শিশুটির নাম বৃষ্টি খাতুন (১৪)। সে ওই গ্রামের আকুমুদ্দিন ওরফে আকুর মেয়ে।
স্থানীয়রা জানায়, এ ঘটনার পর আকু স্থানীয়দের সহায়তায় মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে দ্রুত সটকে পড়ে।
সরেজমিন, আকুর বাড়ির প্রতিটি ঘর বন্ধ দেখা গেছে। রান্নার ঘরের পাশে পাওয়া গেছে ককটেল বিস্ফোরণের আলামত। ঘটনার পরপরই র্যাব ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, নির্বাচনকে সামনে রেখে ওই বাড়িতে ককটেল মজুদ করা ছিল। ঘটনাস্থল পরিদর্শন শেষে ককটেলের আলামতগুলো আনা হয়েছে। আহত শিশুটির বাবাকে খোঁজা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।