পাবনায় চোরাই ১৩ বাইকসহ দুই চোর গ্রেপ্তার

পাবনায় মোটরসাইকেল চুরি চক্রের দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা ১৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

রোববার রাতে পাবনা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- পাবনা পৌর সদরের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার নয়ন হোসেন (২৬) ও একই এলাকার সাব্বির হোসেন (২৩)।

সোমবার দুপুরে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম  সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছে এমন খবরে রোববার রাতে শহরের কাচারীপাড়া এলাকা থেকে প্রথমে নয়ন হোসেনকে ও পরে দক্ষিণ রামচন্দ্রপুর এলাকা থেকে সাব্বিরকে আটক করে পুলিশ। এ সময় দুই জনের কাছ থেকে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া রাধানগর ঈদগাহ এলাকার সাদ্দাম হোসেনের বাড়ি থেকে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে সাদ্দাম পলাতক। 

এসব ঘটনায় মামলার পর দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।