নাটোর যাত্রাবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে নাটোর সদরের রামাইগাছি টেক্সটাইল ইন্সটিটিউটের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালপুর উপজেলার ধুপলইল এলাকার বাসিন্দা আব্দুর রহিম (৫০) এবং স্ত্রী রওশনা আরা (৪০)।
স্থানীয়রা জানায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহরের একটি যাত্রীবাহী বাস রাজশাহী যাচ্ছিলো। গাড়িটি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকসাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকসার যাত্রী রওশনারা বেগমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তিন জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আব্দুর রহিম নামে অপর একজনকে চিকিৎসা মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু রায়হান বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।