মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় আরোহীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের রানীহাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরোহী মো. মাহমুদুল হাসান লিটন (৩১) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে লিটন চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাবার সময় রানীহাটি বাজারে সোনামসজিদগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত লিটনকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।