বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে তৌহিদুর রহমান মানিক আবারও নির্বাচিত হয়েছেন। তিনি নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ১৩১টি।
শনিবার ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ এ ফলাফল ঘোষণা করেন।
তৌহিদুর রহমান মানিক শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুইবারের সাবেক মেয়র।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রাজ্জাকুর রহমান রাজু। রাজু হ্যাঙ্গার প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৪১০।
নির্বাচনে অপর দুই মেয়র প্রার্থী আবদুল খালেক (মোবাইল ফোন প্রতীকে) ভোট পেয়েছেন ২১০ এবং হামদান মণ্ডল (জগ প্রতীকে) ভোট পেয়েছেন ১৭২।
সকাল ৮টায় ১১টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোটে পুরুষ-নারী উভয় ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক। শুধু বেলা সাড়ে ১২টার দিকে ১১ নম্বর ওয়ার্ডের নাটমরিচাই ভুরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৪ নম্বর বুথে ইভিএম মেশিন নষ্ট হওয়ায় একটি বুথে এক ঘণ্টারও বেশি সময় ধরে ভোটগ্রহণ বন্ধ ছিল।
বগুড়া জেলার সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়। ১৯ হাজার ৪৭৩ জন ভোটারের মধ্যে ১২ হাজার ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ভোট কাস্টিং হয়েছে শতকরা ৬৬ দশমিক ৩৬ শতাংশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৌহিদুর রহমান মানিক আওয়ামী লীগের নৌকার প্রার্থী ছিলেন। সেখানে জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাকে কেন্দ্রের নির্দেশে ছেড়ে দেন। সে কারণে তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন।