কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, তাপপ্রবাহের কারণে চলতি মৌসুমে আমের ফলন কম হয়েছে। তাই আম নিয়ে সিন্ডিকেট হতে পারে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। কৃষক যেন সঠিক মূল্য পান, সেটাই লক্ষ্য। সিন্ডিকেট হতে দেবো না।
শুক্রবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুমরপুর গ্রামে আমবাগান পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী এসময় আরও বলেন, আমরা বেশি পরিমাণ আম রপ্তানির চেষ্টা করছি। রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের অধীনে চলতি বছর রাজশাহী জেলায় আম রপ্তানির জন্য ২৫০ থেকে ৩০০ কৃষককে সহায়তা দেয়া হয়েছে। রপ্তানির জন্য রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আম গ্রেডিং শেড করা হচ্ছে।
তিনি বলেন, জাপানে আম রপ্তানির জন্য ঢাকায় ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হচ্ছে এবং রাজশাহী ও চাপাঁইনবাবগঞ্জে দুটি প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে।
কৃষিমন্ত্রী বলেন, চীন, রাশিয়া ও বেলারুশ রাজশাহীর আম নিতে আগ্রহী। দ্রুতই চীনের একটি প্রতিনিধি দল রাজশাহীর আম দেখতে আসবে। এ দলটির সঙ্গে কথা বলে আমের সঠিক মূল্য নির্ধারণ করতে হবে। কর্মকর্তা এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
আম, সবজি প্রভৃতি সংরক্ষণের জন্য দেশের আটটি বিভাগে আটটি বহুমুখী হিমাগার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।
এ সময় বিশ্বব্যাংকের প্রোগ্রাম ম্যানেজার মাইকেল জে. ওয়েবস্টার, কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জুউন নাহার চৌধুরী, বাংলাদেশ অ্যাগ্রো ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট একেএম নাজিব উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।