পাবনার বেড়ায় একটি অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু। তাকে জরুরি চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইচ-এ আনা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বেড়া আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় নেয়া হয়।
বেলা ১১টায় বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শামসুল হক টুকু। উদ্বোধন শেষে নিজ বাড়ি সংলগ্ন নৌকা চত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুত নিচ্ছিলেন তিনি। এসময় হঠাৎ অসুস্থবোধ করলে তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নৌবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম বলেন, দুপুরে একটি অনুষ্ঠান শেষে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন, উনার হার্টের অবস্থা ততোটা ভাল নয়, এজন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।
হাসপাতাল থেকে পরিবারের এক সদস্য জানান, অ্যাডভোকেট শামসুল হক টুকু বর্তমানে আগের চেয়ে ভালো আছেন।
পরিবারের পক্ষ থেকে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।