মাইক্রো-অটো সংঘর্ষে নিহত পাঁচ

সিরাজগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে তিন জন এবং হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। 

রোববার দুপুর ১২টার দিকে জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাটের কুটিরচর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জেলার রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মবয়রা গ্রামের আমজাদ হোসেনের ছেলে রাসেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান। হাসপাতালে মারা যাওয়া দুই জনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি নলকা মোড় এলাকা থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলো। এসময় অপরদিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোর চালকসহ ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ  রেজাউল করিম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।