নাটোরের বড়াইগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ পরিবারের লোকজনের সামনে উজ্জ্বল কুমার মণ্ডল (২৫) নামের এক আওয়ামী লীগ কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার এ ঘটনার তিন মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গত বুধবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
উজ্জ্বল কুমার বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশানঘাট এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ মণ্ডলের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সমর্থক।
জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে উজ্জ্বল আত্মগোপনে ছিলেন। অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য উজ্জ্বল বুধবার দুপুরে বাড়িতে ফেরেন। এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীরা তার ওপর হামলা করেন।
অভিযোগ উঠেছে, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেনের অনুসারী শ্রমিক দলের জালাল ভূঁইয়া, যুবদলের জাহাঙ্গীর আলম, শুভসহ বেশ কয়েকজন উজ্জ্বল কুমারের ওপর এই হামলা চালায়। এরপর বিএনপির নেতারা পুলিশে খবর দিলে পুলিশ উজ্জ্বলকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে ফৌজদারি আইনের ১৫১ ধারায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে নাটোরের বড়াইগ্রাম আমলি আদালতে পাঠালে আদালত ওই দিনই তার জামিন মঞ্জুর করেন।
বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে লিখেন, শ্রী উজ্জল কুমার মণ্ডল শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থক হওয়ায় বাড়িতে গিয়ে বৃদ্ধ পিতা-মাতা ও অন্তঃসত্ত্বা স্ত্রীকেসহ বেধরক পিটিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় তাকে অন্যায়ভাবে কোনো মামলা না থাকার পরেও পুলিশের হাতে তুলে দেয় বিএনপির সন্ত্রাসীরা। এরপরেও উজ্জ্বলের পরিবারকে তারা (বিএনপির নেতাকর্মীরা) বার বার এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, মারধরের ভিডিওটি তার নজরে এসেছে। তিনি অভিযুক্তদের ডেকে শাসিয়ে দিয়েছেন, যাতে ভবিষ্যতে তারা এমন কাজ না করে।
বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, লোকজন তাকে (উজ্জ্বল কুমারকে) আটক করে রেখেছিলো, আমরা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করে আদালতে পাঠিয়েছি।
উজ্জ্বল কুমারের অপরাধ কি ছিলো জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা তদন্ত করে দেখবো।’
প্রকাশ্যে মারধরকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।