আলু চাষীদের সর্বস্বান্ত করতে যাচ্ছিলেন তারা, রক্ষা করলো পুলিশ

নাটোর যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে বিপুল জাল নোট জব্দ করা হয়েছে। টাকার অঙ্কে তার পরিমাণ প্রায় ১০ লাখ। এসময় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্বৃত্তরা ওই জাল নোটগুলো দিয়ে রংপুরের আলু চাষীদের মূল্য পরিশোধ করতে যাচ্ছিলেন। 

শনিবার দুপুরে নাটোর সদরের চাঁদপুর এলাকায় মোহাম্মদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে জাল নোট জব্দ ও কারবারিদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- বরিশালের বাকেরগঞ্জের দুলাল মাদ্রাসা এলাকার আরিফ হাওলাদার (৪০), বাগেরহাটের চিতলমারির শিবপুর গ্রামের আরিফ হোসেন (৪৭), পটুয়াখালী সদর উপজেলার বতলবুনিয়া এলাকার মোস্তফা খাঁন (৪৩), ঝালকাঠির রাজাপুরের কেওয়াতা এলাকার রফিকুল ইসলাম (৪০) এবং একই এলাকার ফেরদৌস হাওলাদার (৩০)।

নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন জানান, গ্রেপ্তাররা রাজশাহী থেকে আলু কিনতে একটি যাত্রীবাহী বাসে রংপুর যাচ্ছিলেন। গোপন খবরে সদর থানার পুলিশ ওই যাত্রীবাহী তল্লাশি চালায়। 

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, জাল নোট নিয়ে রংপুরে গিয়ে আলু চাষীদের মূল্য পরিশোধ করার পরিকল্পনা ছিল।  

তাদের আরও জিজ্ঞাসাবাদ করে জাল নোট তৈরির কারখানার সন্ধান ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।