নওগাঁয় আলাদা সড়ক দুর্ঘটনায় তিন মৃত্যু

নওগাঁয় আলাদা সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জেলা শহরে এক পথচারী এবং মহাদেবপুর উপজেলায় দুই পরিবহন শ্রমিক রয়েছেন।

মঙ্গলবার ভোর থেকে সকাল সাড়ে ৯টায় পর্যন্ত আলাদা এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে।

মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, ভোরে খড় বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী দিকে যাচ্ছিলো। নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং সহকারী ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মধ্যে চালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম সুমন মিয়া (৪০)। তিনি গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্ৰামের সামছুল আলমের ছেলে। সহকারীর পরিচয় জানতে চেষ্টা চলছে। 

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

তার নাম আবুল কাশেম (৭৫)। তিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ান পাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।

নওগাঁ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে বালুডাংগা বাসস্টান্ডের দিকে যাচ্ছিলেন বৃদ্ধ আবুল কাশেম। এসময় নওগাঁ শহরের দিকে আসা একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা ওই পিকআপটি আটক করলেও পালিয়ে গেছেন চালক।