নওগাঁয় ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী নিহত

নওগাঁ শহরের দয়ালের মোড়ে ট্রাক চাপায় অটোরিকশায় থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েক জন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোমেনা খাতুন।

ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ দেহটি উদ্ধার করে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, মোমেনা খাতুন সদর উপজেলার সোনালিয়া গ্রাম থেকে একটি অটোরিকশাযোগে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। বালুডাঙ্গা থেকে বাসযোগে চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার কথা ছিলো তার। পথে দয়ালের মোড়ে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপায় দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মোমেনার মৃত্যু হয়। অটো রিকশায় থাকা বাকি যাত্রীরা এ ঘটনায় আহত হয়েছেন। তবে, কতজন সে সময় ওই রিকশাটিতে ছিলেন, তৎক্ষণাৎ জানা যায়নি।

নওগাঁ সদর থানার ওসি নুরে আলম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।