নাটোরে সাতসকালে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার মধ্যে একটি দুর্ঘটনায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্যটিতে যাত্রীবাহী বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর চারটার দিকে জেলার গুরুদাসপুর উপজেলার ১০ নম্বর ব্রিজ এলাকা এবং সকাল সাতটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজারে আলাদা সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, সকালে নয়াবাজারে সিরাজগঞ্জ থেকে নাটোরগামী একটি ফল বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ফাঁকা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফল বোঝাই ট্রাকে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান।
নিহতের নাম শাহীন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সেনগাতি এলাকার আলতাফ আলীর ছেলে।
ওসি জানান, দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হলে তা পাশ কাটিয়ে তাড়াহুড়ো করে যাওয়ার সময় আইরমাড়ি এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাস উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসে থাকা অনেক যাত্রী সামান্য আহত হন।
অন্যদিকে, ভোর চারটার দিকে উপজেলার ১০ নম্বর ব্রিজ এলাকায় বাস চাপায় অজ্ঞাত বৃদ্ধা এক নারী নিহত হন। ধারণা করা হচ্ছে সেই বৃদ্ধা ভবঘুরে ছিলেন। তার পরিচয় সনাক্ত করা যাচ্ছে না।
ওসি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।