নাটোরের জেলা প্রশাসকের পুরনো বাংলোর ভেতরে মিললো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লালপুর-বাগাতিপাড়া আসনের বিপুল ব্যালট পেপার। যার বেশির ভাগে সিল নৌকা মার্কায়। উদ্ধারের পর এ নিয়ে শহর জুড়ে শুরু হয়েছে আলোচনা- সমালোচনা।
শনিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়ায় জেলা প্রশাসকের পুরনো বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়।
নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পুঁতে রাখা ব্যালট পেপারগুলো যখন তোলা হয়, তখন দেখা গেছে এর অধিকাংশের সিল নৌকা মার্কায়। তবে যৌথ বাহিনী জেলা প্রশাসনের সহায়তায় এগুলো খতিয়ে দেখবে।
পুলিশ জানায়, দ্বিতীয় দিনের মতো ডিসির পুরনো বাংলোর ভেতরে পুকুরে অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এসময় ব্যালট পেপারগুলো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ব্যালট পেপারগুলো উদ্ধার করে।
এর আগে শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ডিসির পুরনো বাংলোর পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।
২০২৪ সালের নির্বাচনের পর নাটোর-১ সংসদীয় আসনের নৌকার প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল অভিযোগ করেছিলেন, তৎকালীন জেলা প্রশাসক, লালপুর উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ সুপার এবং কয়েকজন রাজনীতিবিদের যোগসাজশে তাকে হারিয়ে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদকে জয়ী করা হয়।
বকুলের অভিযোগের সূত্র ধরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাটোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, এই ব্যালট উদ্ধার হওয়ার পর প্রশ্ন উঠছে, তাহলে কী এই ব্যালটগুলো সেই ব্যালট? এর তদন্ত হওয়া উচিত। এটি প্রশাসনের লোকজন নির্বাচনে হস্তক্ষেপের দলিলও হতে পারে।
ঘটনার পর সেখানে ডিআইজি পরিদর্শনে গেলেও জেলা প্রশাসক বা কোনো অতিরিক্ত জেলা প্রশাসক না যাওয়াকে সন্দেহের চোখেও দেখছেন তিনি।
এবিষয়ে জানতে চাইলে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ব্যালটগুলো কোথা থেকে কীভাবে সেখানে এলো তা জানিনা।
তবে ডেপুটি কালেক্টর (এনডিসি) রাশেদুল ইসলাম বলেন, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ব্যালট পেপারগুলো ট্রেজারিতে ছিল। এরপর উপজেলা পরিষদের নির্বাচনের সময় স্থান সংকুলান না হওয়ার কারণে এগুলো পুরনো বাংলোতে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে তা আমাদের জানা নেই। তবে বাকি যে ব্যালট গুলো ছিল সেগুলো নির্বাচন কমিশনের যে টেন্ডার হয়েছে সেই টেন্ডারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।