ট্রাককে জায়গা দিতে গিয়ে অটো উল্টে বৃদ্ধ নিহত

নওগাঁর মহাদেবপুরে ট্রাককে যাওয়ার জায়গা দিতে গিয়ে অটোরিকশা উল্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত হয়েছেন আরো দুই জন।

বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ আলী (৭০) উপজেলার সোনাকুড়ি গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে একটি অটোরিকশায় মহাদেবপুর হাটে যাচ্ছিলেন সিরাজ আলী। এ সময় ঘটনাস্থলে অটোরিকশাটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাককে জায়গা করে দিতে গিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলে সিরাজুলের মৃত্যু হয়। আহত দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।