খেলতে গিয়ে আম পড়ে যাওয়ায় সংঘর্ষ, নিহত এক, আহত ১১

চাঁপাইনবাবগঞ্জে শিশু-কিশোররা খেলতে গিয়ে গাছের আম পড়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধ নিহতসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। স্থানীয়দের ভাষ্য, শুধু গাছের আম পড়ে যাওয়াই নয়, তাদের মধ্যে আগে থেকে মামলা নিয়ে শত্রুতাও ছিলো।

সোমবার (৯ জুন) বেলা ১১টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম বিষু (৬০)। তিনি ওই গ্রামের  আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ওই ইউনিয়নে তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাইরুল ইসলামের সঙ্গে বিষুর মামলা মোকদ্দমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিলো। সকালে স্থানীয় একটি ঈদগাহে শিশু-কিশোররা খেলাধূলা করার সময় গাছের আম পড়ে যাওয়ায় ওই ব্যক্তি  তাদের শাসন করেন। পরে এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ওই বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ রইসউদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।