বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন বাইক আরোহী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় জেলার আদমদিঘী উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কে ফায়ার সার্ভিস স্টেশনের কাছাকাছি এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শফিকুল ইসলাম রিংকন, বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার বাসিন্দা মুশফিকুর রহমান ও আশরাফুজ্জামান। 

পুলিশ জানায়, আদমদিঘী থেকে (ঢাকা মেট্রো-(ল-৫০-৪১৭৬ নম্বরের) একটি মোটরসাইকেল যোগে তিন যুবক বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে নওগাঁগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯০১৯) তাদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিন জনই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।