রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মারা যাওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ সমাহিত করা হবে রাজশাহীতে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে চারটায় রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নগরীর সপুরা গোরস্থানে দাফন সম্পন্ন হবে।
তৌকিরের নানা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তৌকির ইসলামের জানাজা দুপুর ১টায় ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। এরপর ঢাকা থেকে তার মরদেহ নেয়া হবে রাজশাহীতে। বিকেল সাড়ে চারটায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
এ দিকে পাইলট তৌকির সাগরের মৃত্যুতে শোকের আবহ পুরো রাজশাহী নগরীজুড়ে। সকাল থেকেই ভাড়া বাসায় ভিড় জমাতে শুরু করেছেন স্বজনরা। তৌকিরের বন্ধু-বান্ধবসহ পরিচিতজনরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন। জেলা প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দোয়ার আয়োজন করেছে।
এর আগে সোমবার বেলা একটা ছয় মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়ন করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। এর কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়। দুপুর একটা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে জানা যায়, বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান স্কুলটির চত্বরের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিলো।