হুঙ্কারদাতারা স্বৈরাচারের পুনর্বাসন প্রশস্ত করছেন: ডা. জাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিভিন্নভাবে পেছানোর পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, বিভিন্ন আলোচনার মধ্যেও কেউ কেউ রাজপথে নামার হুঙ্কার দিচ্ছেন। গণতান্ত্রিক রাজনীতিতে আপনারা হুঙ্কার দিতে পারেন। কিন্তু যারা হুঙ্কার দিচ্ছেন তারা পতিত স্বৈরাচারের পুনর্বাসনকে প্রশস্ত করছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে বিএনপির কর্মীসভায় তিনি এসব কথা বলেন। 

এসময় ডা. জাহিদ বলেন, আমরা যদি জনগণকে গণতান্ত্রিক পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, ফেব্রুয়ারি নির্বাচনে ঐকমত্য করতে পারি, তাহলে কোনো হুঙ্কার আগামী সংসদ নির্বাচনে বাধা হবে না। মনে রাখতে হবে, শেষ বিচারে জনগণ সিদ্ধান্ত নেবে। 

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে আমরা স্বৈরাচার তাড়াতে ঐক্যবদ্ধ ছিলাম। আমরা ঐক্যবদ্ধ থাকি, জনগণের পাশে থাকি এবং এই অন্তর্বর্তী সরকারের হাতকে শক্তিশালী করি। মধ্য ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিক দেশে পরিচালনার দায়িত্ব তারা কাদের দিতে চান। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সহসভাপতি শাহিনুর ইসলাম,  সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।