রাজশাহীতে ৯ ঘণ্টা ধরে গভীর গর্তে আটকে সাজিদ, কী ঘটছে

রাজশাহীতে একটি গভীর নলকূপের গর্তে পড়ে গেছে দুই বছরের এক শিশু। দীর্ঘ ৯ ঘণ্টা পার হলেও এখনও তাকে উদ্ধার করা যায়নি। তবে শিশুটিকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। ইতিমধ্যে গর্তে ক্যামেরা নামিয়ে তার অবস্থান নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারে এক্সেভেটর দিয়ে গর্তের পাশের মাটি খোড়া হচ্ছে। ফায়ার সার্ভিস বলছে, শিশুটি উদ্ধার করতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর একটার দিকে জেলার তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম সাজিদ (২)। সে ওই গ্রামেররাকিব উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের জমিতে শিশু সাজিদের দাদার ট্রাকটর আটকে যায়। এটি দেখার জন্য সাজিদের মা রুনা তার দুই শিশু সন্তানকে নিয়ে মাঠে যায়৷ কোলে একটি সন্তান থাকায় সাজিদকে কিছুটা হাটতে বলেন রুনা। এক পর্যায়ে রুনা পেছন ফিরে দেখেন সাজিদ নেই। পরে গর্তের ভেতর থেকে তার কান্না শুনতে পান। ছুটে গিয়ে দেখেন শিশুটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে গেছেন।

এরপর লোকজন ডাকা হলে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে বেলা সাড়ে চারটা থেকে শুরু হয় উদ্ধার কাজ। অংশ নেয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, গর্তে ক্যামেরা নামিয়ে শিশুটির অবস্থান নিশ্চিত হলে নলকূপের গর্তের পাশে শুরু হয় গর্ত খোড়ার কাজ। দেওয়া হয় অক্সিজেন। শিশুটিকে অক্ষত উদ্ধারের সব রকমের চেষ্টা চালানো হচ্ছে। তাকে উদ্ধারে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।

তিনি জানান, বিকেল চারটা পর্যন্ত শিশুটির সাড়া পাওয়া যাচ্ছিলো। পরে মানুষের হট্টগোলের কারণে আর সাড়া পাওয়া যাচ্ছে না।