দেশে ‘মব ভায়োলেন্স’ বলে কিছু নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের মধ্যেও ভয়-ভীতি কাজ করছে না উল্লেখ করে তিনি বলেন, তাই নির্বাচন হবে অত্যন্ত শান্তিপূর্ণ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে করার লক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর তিনি এসব কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটে দেশজুড়ে এক লাখ সেনা সদস্য, পাঁচ হাজার নৌ-বাহিনীর সদস্যসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনে থাকবে।
তিনি বলেন, আজকে ছিলো মতবিনিময় সভা। আমরা থানার পুলিশসহ নির্বাচন সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। তাদের প্রস্তুতি খুব ভালো। আশাকরি খুবই শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়ে যাবে।
এসময় এক সাংবাদিকের মব ভায়োলেন্স নিয়ে করা প্রশ্নে তিনি, দেশে কোনো মব নেই বলে দাবি করেন। বলেন, পুলিশেও কোনো ভীতি নেই। তিনি ব্রিফিংয়ের সময় কয়েকজন পুলিশ সদস্যকে সাংবাদিকদের সামনে এনে দেখিয়ে বলেন, দেখেন তো এদের মধ্যে কোনো ভয় নেই।
নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রার্থী যদি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘অশোভন আচরণ’ করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সভায় উপস্থিত ছিলেন- বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যারে মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।