কুষ্টিয়ায় চুরির ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে তিন জন আহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন- আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার (৫০) ও আশরাফুল ইসলাম (৪৫)। তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় দুই সপ্তাহ আগে দফাদারপাড়া এলাকায় আনিচুর রহমানের বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার সিহাবের সঙ্গে বিরোধ চলে আসছিলো। এরই জেরে আনিচুর রহমানের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। কয়েক রাউন্ড গুলিবিনিময়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর সেনা ক্যাম্পের সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত আনিচুরের অভিযোগ, সিহাব ও তার সহযোগীরা তার বাড়িতে চুরি করে আত্মগোপনে ছিলেন। তাদের অবস্থানের খবর পেয়ে সেখানে গেলে প্রতিপক্ষ গুলি চালায়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।