নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার ধামইরহাট উপজেলার নানাইচ এলাকায় তাকে দেখতে পেয়ে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
আটক কসাইয়ের নাম এনতাজুল (৫৫)। তিনি মঙ্গলবাড়ী বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ধামইরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল হোসেন জানান, এনতাজুলকে জনগণের থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে কুকুরের মাংস বিক্রির ঘটনাটি প্রকাশ পেলে জেলাজুড়ে তা তোলপাড় সৃষ্টি হয়। এর ঢেউ ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমেও। নেটিজেনরা এর তীব্র প্রতিক্রিয়া জানান। শাস্তি দাবি করেন ওই কসাইয়েরও।
এর আগে রোববার সকালে মঙ্গলবাড়ী এলাকার খাসির মাংস স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মিয়া মিলে সকালে আলুক্ষেতে একটি কুকুর জবাই করেন। পরে কুকুরটি তারা খাসির মাংস হিসেবে বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। বিষয়টি এলাকাবাসীরা জানতে পারলে মাংস ফেলে তারা দুইজন পালিয়ে যান। পরে খবর পেয়ে ওইদিন থানা পুলিশ ঘটনাস্থল থেকে কুকুরের মাথা, চামড়া ও ২৫ কেজি মাংস উদ্ধার করে।