কুষ্টিয়া শহর বাইপাস সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে বাইপাসের ত্রিমোহনী প্রান্তে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল ইসলাম, তার স্ত্রী শিরিন খাতুন, একই এলাকার সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন এবং তাদের মেয়ের জামাই সিএনজির চালক রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর গ্রামের মোঃ জাকারিয়া।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত দুই নারীকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়াও হাইওয়ে পুলিশ দুইজন পুরুষ ও একজন মহিলার মরদেহ হাসপাতালে নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে গ্যাসের সিলিন্ডার বহনকারী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতোটাই বেশি ছিলো যে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়েন। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নেন।
এই দুর্ঘটনার পর বাইপাস সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছে।
কুষ্টিয়া পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।