রাজশাহীতে সন্দেহভাজন ডাকাত পিটুনিতে নিহত, আটক সাত

রাজশাহীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গ্রামবাসীর হামলায় এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। উত্তেজিত গ্রামবাসী ডাকাত দলের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দিয়েছে।

সোমবার (২ মার্চ) ভোরে জেলার পুঠিয়া উপজেলার পলাশী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে একটি পিকআপ ভ্যানে করে আটজন লোক পলাশী গ্রামে প্রবেশ করে। তাদের কাছে ঘরের তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্র ছিলো। ঘোরাঘুরি দেখে গ্রামবাসীর সন্দেহ হলে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে আটক করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের পিটুনি দিলে সবাই আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

আহত বাকি সাতজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ জানান, ওই দলটি গ্রামে ডাকাতি করার উদ্দেশেই প্রবেশ করেছিল। তাদের কাছ থেকে তালা ভাঙার সরঞ্জাম ও অস্ত্র জব্দ করা হয়েছে। জনতা তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দিলে সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

তিনি জানান, এ ঘটনায় থানায় দ্রুত একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। বর্তমানে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।