বগুড়ার আদমদীঘির ছাতিয়ান গ্রামে ঢাকা থেকে চিলাহাটি যাওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন এবং ঢাকা থেকে সৈয়দপুর-পঞ্চগড়-চিলহাটি রুটে রেল চলাচল বন্ধ রয়েছ। তবে উত্তরের অন্য সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
এই দুর্ঘটনার খবর একাত্তরকে জানিয়েছেন কমলাপুরের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।
এদিকে প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার পথে হঠাৎ বিকট শব্দে এর ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ট্রেনের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বগিগুলো রেললাইনের ওপর আড়াআড়িভাবে ছিটকে পড়ায় ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজে অংশ নিয়েছে। ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেছেন।
সংশ্লিষ্ট সূত্র বলছেন, এই দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ কিছুটা বিঘ্ন ঘটতে পারে। কয়েকটি ট্রেনের শিডিউলে এর প্রভাব পড়ার আশঙ্কা করা যাচ্ছে। ইতিমধ্যে ঈশ্বরদী ও পাবর্তীপুর থেকে দুটি রিলিফ ট্রেন রওনা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইন মেরামত করে যোগাযোগ স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।