বগুড়ার সান্তাহারের বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেসের উদ্ধার অভিযান শেষ হয়েছে। দুর্ঘটনার দীর্ঘ ২১ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার পর চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনটি চলাচলের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
গত বুধবার (১৮ মার্চ) দুপুর দুইটার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বাগবাড়ী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এরপর সন্ধ্যা সাতটার দিকে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে আসা দুটি উদ্ধারকারী ট্রেন বগি অপসারণের কাজ শুরু করে। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ লাইনচ্যুত বগিগুলো পুরোপুরি সরিয়ে নিতে সক্ষম হয় রেল বিভাগ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, দুর্ঘটনাস্থলের রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। এ কারণে লাইনম্যান বিপদসংকেত দিলেও ট্রেনচালক তা খেয়াল করেননি বা উপেক্ষা করেছেন। মূলত এই কারণেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার সময় বিকট শব্দে একাধিক বগি লাইনচ্যুত হলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বহু যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস অন্তত ৪৭ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া আরও অনেক আহত যাত্রী নিজস্ব উদ্যোগে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রেল চলাচল স্বাভাবিক হওয়ায় দীর্ঘক্ষণ আটকে থাকা সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ট্রেনগুলোর গন্তব্যে পৌঁছাতে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।