রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা।
সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মস্থলে নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে—এটিই তাদের ‘এক দফা এক দাবি’। এই ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ এপ্রিল রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের হাতে দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক হেনস্তার শিকার হন। এর পরের দিন ২০ এপ্রিল সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসককে হেনস্তা ও ‘মব’ করা হয়। এসব ঘটনার প্রতিবাদেই তারা কর্মবিরতির ডাক দেন।
এদিকে সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে না ফেরায় হাসপাতালের ওয়ার্ডগুলোতে চিকিৎসক সঙ্কট দেখা দিয়েছে। জরুরি বিভাগ ও ইনডোরে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম বিপাকে পড়েছেন। অনেক ওয়ার্ডে জ্যেষ্ঠ চিকিৎসকদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
ইন্টার্ন ডক্টরস সোসাইটির নেতারা জানিয়েছেন, হাসপাতালের কর্মপরিবেশ নিরাপদ না হওয়া পর্যন্ত তাঁরা কাজে ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলেও এখন পর্যন্ত আন্দোলন অব্যাহত রয়েছে।