চাঁপাইনবাবগঞ্জ ও সরিষাবাড়ীতে পানিতে ডুবে দুই মৃত্যু, নিখোঁজ দুই

দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও মহানন্দা নদী এবং জামালপুরের সরিষাবাড়ীতে এসব দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জে একজনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ দুই

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আলাদা দুটি নদীতে ডুবে দুই স্কুল শিক্ষার্থী ও এক দুবাই প্রবাসী নিখোঁজ হন। ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর নদী থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর একটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির দুই শিক্ষার্থী রিফাত ও রাসেল বন্ধুদের সঙ্গে আলীনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত তারা গভীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টার পর বিকেল ফায়ার সার্ভিস কর্মী ও ডুবুরি দল শিক্ষার্থী রিফাতের মরদেহ উদ্ধার করতে পারলেও রাসেল এখনও নিখোঁজ রয়েছে।

অন্যদিকে, প্রায় একই সময়ে মহানন্দা নদীর বারঘরিয়া রাবার ড্যাম এলাকায় শখের বশে বন্ধুদের সঙ্গে খেও জাল দিয়ে মাছ ধরতে নামেন আজাইপুর আরামবাগের বাসিন্দা ও দুবাই প্রবাসী মো. শাকিরুল (৩০)। মাছ ধরার একপর্যায়ে তিনি মহানন্দা নদীর তীব্র স্রোতে তলিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহবুবুল ইসলাম জানান, নদীতে ডুবে যাওয়া তিনজনের মধ্যে এখন পর্যন্ত এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও একজন শিক্ষার্থী ও একজন প্রবাসী নিখোঁজ রয়েছেন। উভয় স্থানেই নিখোঁজদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

সরিষাবাড়ীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

এদিকে জামালপুরের সরিষাবাড়ীতে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পুকুরের পানিতে ডুবে সম্পদ মিয়া (৯) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সম্পদ মিয়া ওই গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন আকন্দের ছেলে।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার দুপুরে সম্পদ মাদ্রাসা ছুটি হওয়ার পর তার ছোট বোনকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলো। বাড়ি ফেরার পথে সম্পদের পায়ে কাদা লাগলে সে পা ধোয়ার জন্য স্থানীয় ‘সরকার পাশা ওয়েলফেয়ার ট্রাস্ট’ সংলগ্ন একটি পুকুরে নামে। এ সময় অসাবধানতাবশত হঠাৎ সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। ভাইয়ের সঙ্গে থাকা ছোট বোনের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সম্পদকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিলো।