খোকসায় মাঝরাতে অতর্কিত হামলা, কুপিয়ে দুইজনকে হত্যা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত একটার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় এ জোড়া খুনের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফারুক (৪৫) ও আব্দুল শেখ (৪২)। গুরুতর আহতের নাম বল্লভ মণ্ডল। 

স্থানীয়রা জানান, গত রাত একটার দিকে স্থানীয় সন্ত্রাসী সামিরুল গ্রুপের একদল অস্ত্রধারী সন্ত্রাসী দেবীনগর এলাকায় ফারুক ও আব্দুল শেখের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফারুক ও আব্দুল শেখকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বল্লভ মণ্ডল বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

খোকসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে জোড়া খুনের ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেবীনগর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।