একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে। শহর ও গ্রামের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেই লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২০৬’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সব স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং শারীরিক শিক্ষা শিক্ষকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি জাতীয় উদ্যোগ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় খেলার পরিবেশ সৃষ্টি, খেলার মাঠ সংরক্ষণ এবং তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সরকারের সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।
তরুণদের ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে এবং আগামী দিনে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী আসন্ন ফুটবল প্রতিযোগিতা সফল করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের সার্বিক সহায়তা কামনা করেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে একটি করে ফুটবল তুলে দেন তিনি।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন, প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির আহবাক অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় প্রশাসনিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভাটির সঞ্চালনায় ছিলেন প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির সদস্য প্রধান শিক্ষক হারুনুর রশিদ ও প্রধান শিক্ষক তাজুল ইসলাম।