নাটোরে ভ্যানে ধাক্কার পর দুইজনকে পিষে দিলো যাত্রীবাহী বাস

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—হরিশপুরের বড় হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে ব্যাটারিচালিত অটোভ্যানচালক সাইদ (৪৫) এবং জয়নগর পূর্বপাড়ার জমশেদের ছেলে ভ্যানযাত্রী সাব্বির (২৩)।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী ‘শিশির পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় একইমুখী একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়লে বাসটি তাদের ওপর দিয়েই চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী গাড়িটি ফেলে রেখে পালিয়ে যান। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, দুর্ঘটনাকবলিত শিশির পরিবহনের বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।