বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের মাধনগর ডিগ্রি কলেজের ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা ভিতবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, একটি জাতিকে পঙ্গু করার মূল উপায় হলো তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের নতুন প্রজন্ম যেন পিছিয়ে পড়ে এবং দেশ যেন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, সেই লক্ষ্যেই পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দিয়েছিলো। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসে শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, যার প্রমাণ বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ।
মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব এবং জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম।
এর আগে সকালে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে অসুস্থ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আরোগ্য কামনায় এবং জেলা বিএনপির সাবেক আহবায়ক মরহুম আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেন হুইপ দুলু।