পাবনায় নিখোঁজের সাত দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

পাবনায় নিখোঁজের সাত দিন পর ১০ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম কামরুন্নাহার কলি (১০)। সে পাবনা সদর উপজেলার দোগাছী কুলোনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে।

পরিবার জানায়, গত বুধবার সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কামরুন্নাহার। বাজার শেষে বাবার সঙ্গে বাড়িতে ফিরে সে বাজারের ব্যাগ মায়ের হাতে দেয়। এরপর বাড়ির পাশেই ঘুরতে বের হয়ে সে আর ফিরে আসেনি। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে শিশুটির পরিহিত স্যান্ডেল পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে সন্ধান করে কোনো হদিস না পেয়ে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা।

এদিন সকালে বাড়ির পাশের একটি ডোবায় বস্তাবন্দী বস্তু দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ডোবা থেকে শিশুটির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।